ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের একটি বিকল লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাসপাতালের নতুন ভবনে এই আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
ডা. ঝন্টু সরকার জানান, হাসপাতালের ওই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে ছিল এবং এর ভেতরে ময়লা-আবর্জনা জমে ছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৩টি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যরা জানান, প্রাথমিক ধারণামতে সিগারেটের আগুন অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দ্বিতীয় তলায় থাকা নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের ৮ তলা পর্যন্ত পৌঁছায়।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আটতলা নতুন ভবনে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। ভবন থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহত হন। এ সময় নিরাপত্তাকর্মী, আনসার ও পুলিশ সদস্যরা শিশু ও নারী রোগীদের নিরাপদে বাইরে বের করে আনতে সাহায্য করেন। অগ্নিকাণ্ডের সময় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরাও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন এবং পুরো হাসপাতাল চত্বরে শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়।
ডিআর




Comments