Image description

মাদারীপুরের রাজৈরে বহুল আলোচিত সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপরাধ প্রমাণ না হওয়ায় ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। এ ছাড়া একই এলাকার আতিয়ার হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা প্রত্যেকেই জামিন পাওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন এবং বর্তমানে পলাতক।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ৫ জুলাই বিকেলে বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি ব্রিজ এলাকায় সেকান্দার আলী হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নৃশংস ঘটনার পর নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক সারাজুল ইসলাম আদালতে চার্জশিট ও তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ডিআর