রাজশাহীর চারঘাটে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উন্মুক্ত ও অভ্যন্তরীণ জলাভূমিতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যেই রাজস্ব বাজেটের অধীনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক মজুত বৃদ্ধিসহ বাজারে সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা সুনিশ্চিত হবে।
পোনা অবমুক্তকালে অতিথিরা জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি ও প্রজননবান্ধব পরিবেশ বজায় রাখতে সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সম্পূর্ণ কর্মসূচিটি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চারঘাট।
ডিআর




Comments