Image description

হাওরাঞ্চলের অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তা নিশ্চিত করতে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য এই সরকারি মানবিক সহায়তা মঞ্জুর করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার ১৫ সেপ্টেম্বর (২০২৬) তারিখের এক স্মারকপত্রে এই বরাদ্দের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রেরিত সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে এই চাল বিতরণের সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন। সাম্প্রতিককালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ সহায়তার আওতায় আনতে হবে।

নীতিমালা অনুযায়ী, 'মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা' কঠোরভাবে অনুসরণ করে প্রকৃত অভাবগ্রস্তদের নির্বাচন করতে বলা হয়েছে। ইউনিয়ন ও পৌরসভা ভিজিএফ কমিটির সভায় অনুমোদিত ও প্রত্যায়িত তালিকা অনুযায়ী চাল বিতরণ করতে হবে। একটি পরিবারের একাধিক ব্যক্তি যাতে কোনোভাবেই এই সহায়তা না পান, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণকৃত চালের সঠিক হিসাব ও ব্যয়ের বিবরণী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।

বরাদ্দের বিষয়ে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, “সরকারের এই মানবিক সাহায্য প্রকৃত ক্ষতিগ্রস্ত ও গরিব মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে হবে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সঠিক তালিকা প্রণয়ন করে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ প্রক্রিয়ায় কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।”

তিনি আরও যোগ করেন, “হাওরাঞ্চলের মানুষের চরম দূর্যোগ ও কষ্টের কথা বিবেচনায় রেখে শুধু যোগ্যদেরই তালিকায় অগ্রাধিকার দিতে হবে। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের যৌথ সমন্বয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।”

এদিকে সরকারি এই খাদ্য সহায়তা দ্রুত হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন হাওরাঞ্চলের হতদরিদ্র মানুষ। একই সঙ্গে বরাদ্দের তালিকা তৈরিতে যেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে তদারকি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডিআর