Image description

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেড থেকে পরিদর্শন শুরু করে বন্দরের ৩১ নম্বর শেড পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের অবকাঠামো, পণ্য ওঠানামার স্থান, শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক, সহকারী পরিচালক পার্থ ঘোষ, আব্দুল হান্নান ও সঞ্জয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না বলেন, বেনাপোল বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে পানি নিষ্কাশনব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও উন্নত করা হবে। পরিকল্পনা অনুযায়ী বন্দরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়ে চেয়ারম্যান বলেন, বন্দরের শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। যারা প্রতিদিন বন্দরে কাজ করেন, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বেনাপোল বন্দরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। পুরো বন্দর এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম হলে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

এসএ