ভালুকায় ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ ৮ নেতাকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা আজমপুর এবং ময়মনসিংহের ভালুকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন—ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব সাহান কাওছার (২০), মেহেদী হাসান (১৯) এবং ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাহাতুল ইসলাম ইশান (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকার একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সেখান থেকে ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদসহ দলের শীর্ষ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, একই রাতে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার নিজ নিজ এলাকা থেকে অপর দুই নেতাকর্মী কাওছার ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তারকৃত ছয়জনকে গাজীপুর ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। অন্যদিকে ভালুকা থানায় গ্রেপ্তার হওয়া আসামি কাওছার ও মেহেদীকে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিআর




Comments