বগুড়ায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
সারাদেশে দফায় দফায় জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ প্রাঙ্গণে বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমীন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী এবং অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, "সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক বিপর্যস্ত করে তুলেছে। তেলের দাম বাড়ানো মানে শুধু পেট্রোল কিংবা ডিজেলের মূল বৃদ্ধি নয়; এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর ওপর। ডিজেল ও লিটারপ্রতি তেলের দাম বাড়ার সাথে সাথেই বাজারে চাল, ডাল, তেল, শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে গেছে। একই সঙ্গে গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া এক লাফে ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "সরকার নির্বাচনের আগে কৃষকরবান্ধব সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা প্রান্তিক কৃষক সমাজকে ধোঁকা দিয়েছে। চরম সার সংকট এবং অনাকাঙ্ক্ষিতভাবে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জমিতে সেচ দিতে গিয়ে কৃষকেরা এখন দিশেহারা হয়ে পড়ছেন। মূলতঃ জ্বালানি খাতে অনিয়ম, অব্যবস্থাপনা, অপচয় এবং দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চাপানো হচ্ছে, যা পুরো জাতীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।"
জনবিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর রাজপথের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে আইন কলেজ প্রাঙ্গণ থেকে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে সমাপ্ত হয়।
ডিআর




Comments