জয়পুরহাটের আক্কেলপুরে এক অভিযান চালিয়ে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় মূর্তি পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন ( ২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি জানায়, স্থানীয় সোর্সের মাধ্যমে খবর পাওয়া যায়, আক্কেলপুরের বিভিন্ন পাচারকারী চক্রের কাছে ভারতের পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করা হয়েছে। এর ভিত্তিতে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে কষ্টিপাথরসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
বিজিবি জানায় আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য । উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ




Comments