Image description

পটুয়াখালীর দুমকিতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা আ. সালাম হাওলাদারের অভিযোগ, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দুমকি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাদীর অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন খান। তার দাবি, ষড়যন্ত্র করে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি স্থানীয় চক্র তার কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “উভয় পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসএ