Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি শেষে প্রবাসীর কিশোর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। জঘন্য এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ৫ আসামির বসতবাড়ি ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আগেই অভিযুক্তদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও পরবর্তী করণীয় ঠিক করতে স্থানীয় এলাকাবাসী গত রবি ও সোমবার সন্ধ্যায় একাধিকবার বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শত শত বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসামি শরীফ (২৩) ও আরিফের (২১) পিতা তাহের উদ্দিন, আসামি ফাহিমের (২২) পিতা মমিন, আসামি রাজিবের (২৩) পিতা মোফাজ্জল এবং আসামি এনামুলের (২২) পিতা নূরুর টিনের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় ঘরের চাল ও বেড়ার টিন খুলে নিয়ে পাশে স্তূপ করে রাখা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, "এমন ন্যাক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। চরম ক্ষোভ ও ঘৃণা থেকেই বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের ঘরবাড়ি ভাঙচুর করেছে।"

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে চর কালিবাড়ি গ্রামের এক প্রবাসীর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ডাকাত দল। মালামাল লুটপাট শেষে ডাকাত সদস্যরা নবম শ্রেণিতে পড়ুয়া কিশোর ছেলেকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনেই ৩৮ বছর বয়সী মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে।

এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রাজিব নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, "দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই চর কালিবাড়ি এলাকায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালানো হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

ডিআর