ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বসতবাড়ি থেকে কাজী সাঈম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তাঁর মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামে প্রেমিকার পারিবারিক বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজী সাঈম উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার কাজী নূর মোহাম্মদের ছেলে। সে আমতলা আইবিএম কলেজের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈমের সঙ্গে একই ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী নূপুর আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা চর্চা চলছিল। প্রেমিকার মা সালমা আক্তার বাড়ির পাশেই একটি ছোট্ট চায়ের দোকান পরিচালনা করেন।
প্রেমিকার মা সালমা আক্তার দাবি করেন, বুধবার সকালে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাঈমকে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি নামিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য মা ও মেয়েকে আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিআর




Comments