নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকেশ্বরী এলাকায় একটি স্বর্ণের দোকানে ঢুকে মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ৫ থেকে ৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে হঠাৎ দোকানের ভেতরে প্রবেশ করে। পরে দোকান মালিক ও সেখানে থাকা দুই ক্রেতাকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়।
এরপর দোকান থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলের সদস্যরা। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজন যুবককে অস্ত্র হাতে দোকানে প্রবেশ করতে এবং পরে বেরিয়ে যেতে দেখা যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। তবে এ ঘটনায় এখনো দোকান মালিকের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।
ওসি বলেন, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ডিআর




Comments