গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ এসআরবি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।এসআরবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে তিনটার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় স্থানীয় একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে একটি সাদা রঙের কাটা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। এ বিষয়ে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments