আড়িয়াল খাঁর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন
৩ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা
বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় নদীভাঙন রোধে প্রথম ধাপে তিন কিলোমিটারজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা দেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্পিডবোটযোগে আড়িয়াল খাঁ নদী ও তা থেকে প্রবাহিত বিভিন্ন খালের ভাঙনকবলিত এলাকাগুলো ঘুরে দেখেন উপদেষ্টা।
পরিদর্শনকৃত এলাকাগুলোর মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার মিয়ারচর, কুড়িরচর, হোসনাবাদ, বোরাদী গরঙ্গল এবং নদী থেকে প্রবাহিত মোল্লার খাল ও পালরদী খালের বিল্লগ্রাম এলাকা। পরিদর্শনকালে নদী ও খালের তীরে সমবেত ভুক্তভোগী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আড়িয়াল খাঁ নদী ও সংলগ্ন খালগুলোর অবিরত ভাঙনে ইতিমধ্যে শত শত পরিবার ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অনেকেই বাস্তুচ্যুত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল হিসেবে জীবনযাপন করছেন। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জনসভায় জহির উদ্দিন স্বপন বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন স্থায়ীভাবে মোকাবিলা করে মিয়ারচরকে একটি সুরক্ষিত ভূখণ্ড হিসেবে গড়ে তোলা হবে। প্রথম ধাপে প্রায় তিন কিলোমিটারজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, এই বাঁধ নির্মাণের পর মিয়ারচর থেকে মুলাদী উপজেলার সীমান্ত পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে ফেরি সার্ভিস চালু করা হবে। এর ফলে ঢাকা থেকে সরাসরি বাস মিয়ারচর হয়ে মুলাদীতে প্রবেশ করতে পারবে, যা মুলাদীবাসীর রাজধানীর সঙ্গে যোগাযোগকে সহজ করার পাশাপাশি এলাকাটিকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করবে।
শনিবার সকাল ১০টার দিকে সরিকল ইউনিয়নের লাশঘাটা এলাকা থেকে স্পিডবোটে করে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরিদর্শকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মশিউর রহমান, বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন শরীফ এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ।
ডিআর




Comments