Image description

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় পরিবর্তন করে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়নাল সরদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ১৯৯৯ সালে জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ