Image description

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দফায় দফায় দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, স্থানীয় মো. মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন ও আলিম উদ্দিনসহ অন্তত ৩০ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরকি গ্রামের অধিবাসী ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের দীর্ঘদিন ধরে ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, "পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডিআর