ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন
ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। একই সাথে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি স্বাস্থ্য অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর (মঙ্গলবার) 'অপরাজেয় তারুণ্য' (UYP)-এর ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ সার্বিক প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. মাশতুরা ইসলাম মিশি এবং ডা. তাজীব আহমেদ।
ইউওয়াইপি (UYP)-এর প্রজেক্ট অফিসার রেসমিনা হকের সভাপতিত্বে এবং ইয়ুথ অফিসার এরশাদুল হকের পরিচালনায় কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আলী এবং পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন তাছলিমা।
ক্যাম্পেইনে ডেঙ্গুর কারণ, লক্ষণ ও তা প্রতিরোধের নানা উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম, প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ডা. তাজীব আহমেদ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসএ




Comments