Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কমিউনিটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গার্লস সাপোর্টার প্রজেক্টের সৌজন্যে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিতু আহমেদ, শিশু সুরক্ষা কমিটির সদস্য বিশ্বনাথ সরকার, ইমাম মাহমুদ ইসলাম ও ইউপি সদস্য মাসুদ রানা সবুজসহ অনেকে।

এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার নুরনবী ইসলাম ও স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাল্যবিবাহের ঝুঁকি ও এর ক্ষতিকর প্রভাব, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং এ বিষয়ে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এসএ