Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া পূজার সামগ্রী, নগদ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে এবং ৩০ সেপ্টেম্বর লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় পৃথক দুটি মামলা করা হয়।

মামলার তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে পিতলের ঘট, প্রদীপ, ত্রিশূল, ঘণ্টা, দুর্গামূর্তি, বিভিন্ন পূজার সামগ্রী এবং প্রণামির বাক্সে থাকা ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুহুল আমিন (২৯)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

এসএ