কুমিল্লা থেকে গাজীপুরে ননদের বাড়িতে বেড়াতে এসে জান্নাত আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও পাঠানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম হাজিবাড়ি এলাকার আবদুল করিমের মেয়ে। তার স্বামীর নাম আবুল ফজল। তিনি দুই সন্তানের জননী। তার ৭ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত আক্তার গত সোমবার (২৮ সেপ্টেম্বর) পূবাইলের বসুগাঁও পাঠানবাড়ি এলাকায় তার ননদের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার পর তিনি পরিবারের সদস্যদের জানান, তার মাথাব্যথা করছে। এ সময় তিনি কাউকে বিরক্ত না করতে বলে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর তার ছেলে ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে দরজার ওপর দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত দৈনিক মানবকণ্ঠকে বলেন, ‘জান্নাত আক্তার তার ননদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার মানসিক সমস্যা ছিল। দুপুরে খাবার খাওয়ার পর মাথাব্যথার কথা বলে তিনি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার ছেলে ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ডিআর




Comments