Image description

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান বনাঞ্চল এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লাউয়াছড়া বনের ভেতরের রেলপথ অংশে এ দুর্ঘটনা ঘটে। বনের মধ্যে ট্রেনটি আটকা পড়ায় তীব্র গরম ও আতঙ্কে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করছিল। এ সময় হঠাৎ ট্রেনের বগির সংযোগকারী কাপলিং (হুক) ছিঁড়ে যায়। ফলে ট্রেনের সামনের অংশ ও ২টি বগি বিচ্ছিন্ন হয়ে কিছুটা সামনে চলে যায় এবং পেছনের যাত্রীবাহী ৭টি বগি বনের মধ্যেই আটকা পড়ে।

তিনি আরও জানান, এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর 'জয়ন্তিকা এক্সপ্রেস' ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপরই শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার কাজ শুরু করেছে। লাইন মেরামত ও বগিগুলো যুক্ত সম্পন্ন হলেই রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিআর