পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবির ঘটনায় মোস্তফা মাঝি (৪৭) নামে এক জেলে নিহত হয়েছেন। গত শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মাঝি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। জানা যায়, ঘটনার সময় জেলে নৌকাটিতে ৩ জন জেলে ছিলেন। অজ্ঞাতনামা একটি কয়লাবাহী লাইটার জাহাজ বেপরোয়া গতিতে এসে তাদের জেলে নৌকাটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা একই গ্রামের রুহুল আমিনের ছেলে শুকুর আমিন (২২) ও পূর্ব ভিন্নাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সানাউল্লাহ সানি (১৯) সাঁতার কেটে কোনোমতে কূলে উঠে প্রাণে রক্ষা পান। কিন্তু নৌকার মাঝি মোস্তফা মাঝি নিখোঁজ হন।
পরে অনেক খোঁজাখুঁজির পর ইন্দুরকানী ও গাতার খানের মাঝামাঝি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকার জেলেরা জানান, সুন্দরবনের নদীতে প্রায়ই বেপরোয়া গতিতে কয়লাবাহী জাহাজ চলাচল করে। রাত-দিন নিয়ম না মেনে চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। ঘাতক জাহাজটিকে আটক ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসএ




Comments