Image description

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ (৪৫) খুন হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বোনের জমির অধিকার ও সীমানা বণ্টন নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে রোববার বিকেলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই নুর ইসলাম হঠাৎ লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নুর মোহাম্মদকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথেই রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে চরম শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করে জেল-হাজতে পেরণ করা হয়েছে।

ডিআর