রাজশাহীর চারঘাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতা, দক্ষতা ও আন্তরিকতার পাশাপাশি তাঁদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন, উপজেলা বাশিসের সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের প্রতি সম্মান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএ




Comments