চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় লেগুনার ধাক্কায় ও গাড়ি উল্টে গিয়ে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লারটেক এলাকার একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাসপিয়া চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে। নিহতের পরিবার বর্তমানে গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া শিশু তাসপিয়াকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয় এবং লেগুনার ভেতর ও সড়কের ৩ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন—পটিয়ার কেলিশহরের মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মো. হাবিব (৪৫) ও আজগর আলী (১৭)। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফোন না ধরায় এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
ডিআর




Comments