Image description

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া সফররত জার্মান পর্যটকের ল্যাপটপটি সফল অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের খবরে পরম উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। তিনি বলেন, “অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনের পর ট্রেনে চেপে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। স্টেশনে অবস্থানকালে হলুদ রঙের কটি (ভেস্ট) পরা এক যুবক নিজেকে রেলওয়ে কর্মী পরিচয় দিয়ে কৌশলে ওই বিদেশি পর্যটকের সঙ্গে সখ্য গড়ে তোলে।

একপর্যায়ে বিদেশি পর্যটক ক্রিল ল্যান্ডার স্টেশনের কাছের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিজের ট্রাভেল ব্যাগটি ওই পরিচিত যুবকের হেফাজতে রেখে যান। বুথ থেকে টাকা তুলে ফিরে এসে দেখেন ব্যাগসহ ওই যুবক উধাও। চুরি হওয়া ব্যাগে তাঁর ব্যবহৃত মূল্যবান ল্যাপটপ, উচ্চপ্রযুক্তির ক্যামেরা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।

ঘটনার পরপরই জার্মান পর্যটক বিষয়টি জানালে বুধবার রাতেই নাটোর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে রেলওয়ে স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে গভীর বিশ্লেষণ শুরু করে পুলিশ।

সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ কটি পরা ওই চতুর যুবক অত্যন্ত পরিকল্পিতভাবে জার্মান নাগরিকের আস্থা অর্জন করে। এরপর বিদেশি নাগরিক বুথের দিকে পা বাড়ালেই সুযোগ বুঝে সে নিজের পরনের কটিটি খুলে তার ভেতরে পুরো ব্যাগটি লুকিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করে চম্পট দেয়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজের সন্দেহভাজন যুবকের পরিচয় শনাক্ত ও নিবিড় প্রযুক্তির সহায়তায় রোববার শহরের নিচা বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ল্যাপটপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেফতার ও অন্যান্য সামগ্রী উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ডিআর