পটুয়াখালীর দশমিনায় বাড়ির পেছনের খালে পড়ে আরিয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিশাখালী গ্রামের আহমদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের আসাদুল রাড়ির ছেলে। সে পরিবারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিয়ান বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্বজনদের অগোচরে সে বাড়ির পেছনের খালে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের খালে তাকে পাওয়া যায়।
এ সময় প্রতিবেশী ও স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।
এসএ




Comments