Image description

রাজশাহী মহানগরীর শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে এর উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর টি-বাঁধ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাঁধের অবস্থা ও বিভিন্ন বিষয়ে অবহিত হন। পরে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।

টি-বাঁধ পরিদর্শনকালে রাজশাহী মহানগরীর শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় বাঁধের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

পরে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএ