নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ আলিফকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, আলিফের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। সে সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
জানা গেছে, আলিফ মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন।
এসএস




Comments