বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।
সভায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নুরুল ইসলাম মনি বলেন, পাথরঘাটায় চাঁদাবাজদের কোনো স্থান হবে না। এ বিষয়ে দায়িত্ব পালনে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা জানাতে হবে। অন্যথায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো সন্ত্রাসী ও দখলবাজকে পাথরঘাটায় থাকতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধের বিষয়ে থানার ওসিকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
কোস্টগার্ডের সোর্সদের সতর্ক করে নুরুল ইসলাম মনি বলেন, জনস্বার্থে প্রয়োজনে কাউকে ছাড় দেওয়া হবে না। পাথরঘাটার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি নিয়মিত খোঁজখবর রাখেন বলেও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও এসব কর্মকাণ্ড চান না।
পাথরঘাটার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে চিফ হুইপ বলেন, এলাকার মানুষের জন্য কাজ করতে পারলে তাঁর ভালো লাগে।
সভায় আগের দিন পাথরঘাটায় জামায়াতে ইসলামীর সাবেক আমিরকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্তের মারধরের বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করতে ওসিকে নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর নিজ দলের হলেও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জামায়াতের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করে এ ঘটনার কারণে দুই পক্ষের সম্পর্কের অবনতি যেন না ঘটে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন চিফ হুইপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলে, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএ




Comments