Image description

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবন এবং ঘুঘু ও বকের মাংস দিয়ে পার্টি করার প্রস্তুতির সময় তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩) নামে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া ইউনিটের সদস্যরা তাঁদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, শুক্রবার বিকেলে তানজিল ও সাইমুন মাতুব্বর পৌর শহরের বিভিন্ন স্থানে এয়ারগান দিয়ে পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যা করেন। পরে সন্ধ্যায় মাদক সেবনের পাশাপাশি এসব পাখির মাংস দিয়ে পার্টি করার উদ্দেশ্যে তাঁরা নাচনাপাড়া এলাকা থেকে রওনা হন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁদের আটক করেন।

তিনি আরও জানান, বন্যপ্রাণী হত্যার দায়ে তানজিলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইয়াবা সেবন এবং তাঁর কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ায় সাইমুন মাতুব্বরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

এসএ