Image description

চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়ার বাসিন্দা মো. হোসেন (২৪), পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমন (১৯) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সোবহান ওরফে ফোরকান (৫৫)।

পুলিশ জানায়, মো. হোসেন বোয়ালখালী পৌর যুবলীগের নেতা, ইমন পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আব্দুস সোবহান ওরফে ফোরকান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. হোসেন বোয়ালখালী থানার ৭ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। গত ২১ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। অপর দুই আসামিকে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এসএ