Image description

আলোচিত ইসলামী বক্তা ও হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের পারিবারিক বিরোধ নিয়ে তৈরি হওয়া আলোচনা এবার নতুন মোড় নিয়েছে। সম্প্রতি তাশরীফের বাবা ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার মুখ খুলেছেন তাঁর মা। মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাশরীফের বাবা ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন এবং ছেলের খ্যাতি ও সাফল্য মেনে নিতে না পেরেই এসব ষড়যন্ত্র চালাচ্ছেন।

সাক্ষাৎকারে তাশরীফের মা চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, “তাশরীফের বাবা অনেকগুলো বিয়ে করেছেন। আমি আসার সময় ৭-৮টা বিয়ে করেছেন। আমি আসার পর জানতে পারি, তিনি ১৭-১৮টা বিয়ে করেছেন।”

স্বামীর করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, ছেলে সমাজে পরিচিতি পাওয়ায় ও ভালো অবস্থানে যাওয়ায় তাশরীফের বাবা তা সহ্য করতে পারছেন না। তিনি যদি ছেলের ভালো চাইতেন, তবে একসঙ্গে মিলেসুন্দরভাবে থাকতে পারতেন। কিন্তু তিনি বিভিন্ন মানুষের প্ররোচনা ও কথায় প্রভাবিত হয়ে ছেলের বিরুদ্ধে এসব করছেন বলে অভিযোগ করেন তিনি।

মায়ের দাবি, তাশরীফ নিয়মিতই তাঁকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। কিন্তু বিশেষ কোনো কারণে এক মাস টাকা দিতে না পারাকে কেন্দ্র করে একটি পক্ষ সুযোগ নেয় এবং তাশরীফের বাবাকে ভুল বুঝিয়ে ছেলের বিরুদ্ধে দাঁড় করায়।

এর আগে সম্প্রতি এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং পরবর্তী সময়ে মাদ্রাসা ভাঙচুরের ঘটনায় তাশরীফের দেওয়া একটি বক্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনায় তাশরীফ বলেছিলেন, “উনি চুমু দেন নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন” এবং অপরাধ অনুযায়ী সুনির্দিষ্ট শাস্তির কথা বলেছিলেন। শিক্ষকের অপরাধের জন্য পুরো মাদ্রাসাকে দায়ী করারও বিরোধিতা করেছিলেন তিনি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার রাতে তাশরীফের বাবা গণমাধ্যমে এসে ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন, যার ধারাবাহিকতায় এবার মায়ের এই বক্তব্য সামনে এলো।

ডিআর