Image description

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। নিহত তাঁর পাঁচ বছর বয়সী ছেলের নাম রাজিন।

দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউড়িবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ