Image description

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে চুরি হওয়া প্রায় ৪০ কেজি ওজনের ঐতিহ্যবাহী ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। চুরির দুই দিন পর শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লী থেকে ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় ধর্মপল্লীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো একসময় ঘণ্টাটি চুরি হয়। পরদিন ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি নির্ধারিত স্থানে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এদিকে চুরির ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মপল্লী থেকে ঐতিহ্যবাহী ঘণ্টা চুরির ঘটনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। অবশেষে ঘণ্টাটি উদ্ধার হওয়ায় তিনিও স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় মামলা গ্রহণ করে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা জোরদার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের তৎপরতার কারণে চোরচক্র ঘণ্টাটি বেশি দূরে সরিয়ে নিতে পারেনি। চুরির স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে রাখা অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

শতবর্ষী রানীখং খ্রিষ্টীয় ধর্মপল্লীর ঐতিহ্যবাহী ঘণ্টাটি ফিরে পাওয়ায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএ