Image description

নির্বাচনে পরাজিত হলেই জামায়াতের নেতাকর্মীরা ‘পাগলামি’ শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, তাদের এ ধরনের কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় দেশের জনগণের তোপের মুখে পড়তে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে পরাজিত হলেই তারা এ ধরনের আচরণ করে থাকে।

নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেসব এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেসব এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধের কাজ করতে হবে। আমরা ডিও লেটারের মাধ্যমে সমস্যাগুলো সরকারকে অবহিত করছি। সরকারও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ