Image description

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে মোংলা কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি দৈনিক মানবকণ্ঠকে বলেন, “গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, ওই এলাকা দিয়ে মাদক ও ভারতীয় ওষুধের একটি চালান পাচার হতে পারে। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা আগে থেকেই সেখানে অবস্থান নেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও ওষুধগুলো জব্দ করা হয়।”

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন (Dexamethasone) ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট ও ক্রিম।

জব্দ করা এসব মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট আবুল কাশেম আরও জানান, জব্দ করা ফেনসিডিল ও অবৈধ ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সুন্দরবন উপকূল ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড পশ্চিম জোনের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ