জনস্বার্থ ও সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) এক দিনের জন্য শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।
এর ফলে টানা নয় দিন ধরে চলা তৃতীয় দফার অবরোধ কর্মসূচিতে এক দিনের বিরতি দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির নেতারা জানান, আগামী রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য সড়ক অবরোধ শিথিল থাকবে। তবে সোমবার (২ নভেম্বর) থেকে আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় শুরু হবে।
এদিকে আসন্ন কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বিজ্ঞপ্তিতে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আলোচনার ভিত্তিতে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার এক দিনের বিরতির পর সোমবার থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলবে।
এসএ




Comments