Image description

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে হতাশায় ছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও বাবা-মায়ের প্রতি অনুশোচনার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

এসএ