Image description

গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা জোড়া পাম সংলগ্ন দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) ‘শিক্ষা উৎসব-২০২৬, বিজ্ঞানমেলা এবং এম ইন লাইফ প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে’। প্রতিষ্ঠানটির মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করছেন। শিক্ষা উৎসব উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোরআন তেলাওয়াত, আজান, নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউট এর সভাপতি মো. কামাল উদ্দিন, নাগরী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রহিম সরকার প্রমুখ।  এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে এ শিক্ষা উৎসবের আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করাই এ আমাদের অন্যতম উদ্দেশ্য।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রধান হাতিয়ার।” 

তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ডিআর