Image description

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক সেখানে এসে তার ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকিনের পিঠ ও কোমরে আঘাত করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মোস্তাকিনের পিঠ ও কোমরে ছুরিকাঘাত করা হয়েছে। কোমরে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএস