Image description

ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরে আড্ডা দেওয়ার সময় আকস্মিক নদীভাঙনে বিজিবির এক সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে যাওয়া পাঁচ বন্ধুর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’ খ্যাত মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার ইব্রাহিমের ছেলে ও বিজিবি সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ নদীতীরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে পাঁচজনই নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।

স্থানীয়রা প্রথমে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুইজনের কোনো সন্ধান মেলেনি।

ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়েছে। সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

এসএস