আনোয়ারায় সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট, প্রতিবাদ করলেই হামলা
চট্টগ্রামের আনোয়ারায় সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট। উপজেলার বটতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চাপাতলী ও ছিরাবটলী এলাকায় প্রকাশ্যেই চলছে ইয়াবা, গাঁজা ও বাংলা মদের বেচাকেনা। মাদকের বিস্তারে উদ্বিগ্ন স্থানীয়রা প্রতিবাদ করলেই হামলা, হুমকি ও মারধরের শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বটতলী ইউনিয়নের ভোলাশাহ মাজারসংলগ্ন চাপাতলী ও ছিরাবটলী এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক কেনাবেচা ও সেবন বেড়েছে। ভোলাশাহ মাজার থেকে মিন্নত আলী দোভাষী বাড়ি পর্যন্ত বিভিন্ন ভাড়া বাসাকে ঘিরে মাদক কারবার পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ।
এলাকাবাসীর দাবি, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বহিরাগত ব্যক্তিরা বাসা ভাড়া নিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন। সন্ধ্যার পর বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা বেড়ে যায় ওই এলাকায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বললেই বিপদ নেমে আসে। প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দেওয়া হয়। সম্প্রতি মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক প্রবাসীকে সংঘবদ্ধভাবে হামলার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের ভাষ্য, হামলার ভয়েই অনেকে মাদক কারবারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। তাদের দাবি, দ্রুত অভিযান চালিয়ে মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে তরুণ সমাজসহ পুরো এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আনোয়ারার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছিরাবটলী এলাকাতেও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
এসএস




Comments