পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চারজন কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা কমিশনাররা হলেন—মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
বিএসইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে অব্যাহত অস্থিরতা, সাধারণ বিনিয়োগকারীদের তীব্র ক্ষোভ এবং কমিশনের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পদত্যাগ করা কমিশনারদের মধ্যে মু. মহসীন চৌধুরী ২০২৪ সালের ২ জুন, মো. আলী আকবর ২৮ আগস্ট, ফারজানা লালারুখ ৩ সেপ্টেম্বর এবং মো. সাইফুদ্দিন ২০২৫ সালের ২৯ জুলাই নিযুক্ত হয়েছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল ছিল পুঁজিবাজার এলাকা। কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে আসছিলেন। অন্যদিকে, পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়া সাধারণ বিনিয়োগকারীরাও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আসছিলেন।
বিনিয়োগকারী ও কর্মকর্তা-কর্মচারীদের এই সম্মিলিত আন্দোলনের মুখে অবশেষে বিএসইসির শীর্ষ নেতৃত্বে এই বড় ধরনের রদবদল ঘটল। এর ফলে পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে নতুন করে সংস্কারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments