Image description

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় আবেদন নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে নেত্রকোণায়।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাঁকে। ব্যবসা শুরুর পরিকল্পনা বা ভালো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।

কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

তবে আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।

আবেদন করবেন যেভাবে

আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টালে www.bb.org.bd/smespd_portal।

এনএ