আসল ব্র্যান্ডের মোড়কের আড়ালে নকল সিগারেটের ব্যবসা। সিলেট নগরীর বিভিন্ন পাইকারি বিপণনকেন্দ্রে অভিযান চালিয়ে বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করেছে জেলা প্রশাসন। পরে জব্দ করা এসব সিগারেট জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে নগরীর হকার্স মার্কেট, শাহপরাণ (রহ.) ও বন্দরবাজার এলাকার বিভিন্ন পাইকারি দোকানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে আসল ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বিক্রি করা নকল সিগারেট জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জব্দ করা বিপুল পরিমাণ নকল সিগারেট পরবর্তী সময়ে জনসমক্ষে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।
তিনি আরও জানান, নতুন আইন ও বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর বিধানও রয়েছে।
জেলা প্রশাসনের ভাষ্য, নকল সিগারেটের অবৈধ ব্যবসার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি কম দামে নিম্নমানের এসব সিগারেট সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
নকল ও ভেজাল সিগারেটের অবৈধ বাণিজ্য বন্ধে বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এনএ




Comments