আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বেসরকারি বিনিয়োগ করতে পারে জাপান। এ বিনিয়োগের মাধ্যমে দেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের বিশেষ অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ ‘বিগ-বি’কে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়। সফর উপলক্ষে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ উদ্যোগের আওতায় বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন পর্যন্ত জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানান দুই দেশের প্রধানমন্ত্রী। এ বিনিয়োগের মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এমআরটি লাইন ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জাপানের পাঁচ হাজার কোটি ইয়েনের জরুরি সহায়তা ঋণের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
ছয়টি সমঝোতা স্মারক সই
সফরে অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, মৎস্য ও পশুপালন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচি, উপকূলীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে ছয়টি স্মারক সই হয়েছে। বিনিয়োগ পরিবেশ ও স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নসংক্রান্ত দুটি চুক্তির খসড়াও চূড়ান্ত করা হয়েছে।
জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
টয়োটার কারখানা স্থাপনের আগ্রহ
২৯ অক্টোবর নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে টয়োটার কারখানা স্থাপন এবং গাড়ি ও অন্যান্য যন্ত্র উৎপাদনের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের আগ্রহ ও আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতা
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয় দুই দেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এ সফরের মাধ্যমে জাপানের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সফরকে কার্যকর ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।
এনএ




Comments