Image description

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ লক্ষ্যে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় দেশের প্রতিনিধিরা।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন উদ্যোগ গ্রহণে উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জাপানের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প। বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নতুন নতুন সহযোগিতা ও বিনিয়োগ উদ্যোগ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এসএ