পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েছে। এর মাধ্যমে এটি বিশ্বের প্রথম জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্র হিসেবে এক বিলিয়ন ডলার আয় করার কৃতিত্ব অর্জন করেছে।
চলচ্চিত্রটি আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকায় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলারে।
এপ্রিলে মুক্তির পর থেকেই ‘মাইকেল’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে এটি। এর মাধ্যমে ২০১৫ সালের স্ট্রেইট আউটা কম্পটন–এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ওপেনিং করা মিউজিক্যাল বায়োপিকে পরিণত হয়।
এর আগে ২০১৮ সালের বোহেমিয়ান র্যাপসোডি–এর ৯১১ মিলিয়ন ডলারের আয় ছাড়িয়ে সর্বাধিক আয় করা মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়ে ‘মাইকেল’। পাশাপাশি ২০২৩ সালের ওপেনহাইমার–এর ৯৭৫ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতিও অর্জন করেছে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে লায়ন্সগেট। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশনা করেছে প্রতিষ্ঠানটি, আর আন্তর্জাতিক বাজারে পরিবেশনার দায়িত্বে ছিল ইউনিভার্সাল পিকচার্স। ‘মাইকেল’ লায়ন্সগেটের ইতিহাসে প্রথম এক বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্র।
অঁতোয়ান ফুকুয়া পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে তার সংগীতজীবনের সূচনা এবং ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মাইকেলের বাস্তব জীবনের ভাতিজা জাফার জ্যাকসন প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছেন। এছাড়া কোলম্যান ডোমিঙ্গো ও নিয়াহ লং অভিনয় করেছেন মাইকেলের বাবা-মায়ের ভূমিকায়।
পরিচালক অঁতোয়ান ফুকুয়া বলেন, এই অর্জন শুধু একটি সিনেমার নয়, বরং বিশ্বের অন্যতম সেরা সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। দর্শকদের ভালোবাসাই চলচ্চিত্রটিকে ইতিহাসের অংশ করে তুলেছে।
সূত্র: ভ্যারাইটি




Comments