বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না নিট পরীক্ষা-সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও অবস্থানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করেন টুইঙ্কেল। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, ২৭ বছর বয়সী মডেল রিয়া আহির শিবাজী পার্কে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
আরেকটি ছবিতে দিল্লি পুলিশের লাঠিচার্জের সময় এক নারীকে অন্য বিক্ষোভকারীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবিগুলোর ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, ‘আমি এমন একটি দেশের নাগরিক হিসেবে গর্বিত, যেখানে আমাদের তরুণ প্রজন্মের এখনও প্রতিবাদ জানানোর, প্রতিরোধ গড়ে তোলার এবং টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করার সাহস রয়েছে। তবে দুঃখের বিষয়, তাদের বাধ্য হয়ে এসবের মুখোমুখি হতে হচ্ছে।’
সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে গিয়ে আন্দোলনে অংশ নেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাজকুমার রাও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে অংশ নিচ্ছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মানসিক চাপে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি।
গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর আন্দোলন আরও তীব্র হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কার, জবাবদিহিতা ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।




Comments